সিলেটের গোয়াইনঘাটে দোকান কোঠার দখল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থিত দুই ব্যক্তির পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত; ১৫ আহত হয়েছে।
শনিবার( ৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের পীরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের কয়েকজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এদিন দুপুরে পীরের বাজার ইটাচকি গ্রামের বাবুল মিয়া ও খলামাধব গ্রামের আলা উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে ঘন্টা ব্যাপি এ সংঘর্ষ হয়। এর আগে একই ইস্যুতে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবরে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। এর আধাঘন্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফিরে যাওয়ার পর পরই আবারও দু’পক্ষ আবারো সংঘর্ষ জড়িয়ে পড়ে।
উপজেলার টেংরাগুল গ্রামের জামাল মিয়া জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দীর্ঘ দিন থেকে আমাদের ১০টি দোকান ঘর জবর দখল করেন আওয়ামী লীগের আলা উদ্দিন ও তার লোকজন।
তিনি বলেন, কোর্টের আদেশ পেয়ে আমরা দোকানে আসতেই আমাদের উপর হামলা চালায় তারা। তাদের হামালায় আমাদের পক্ষের ৫-৬ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে থানায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি।
এ ঘটনার অভিযোগ অস্বীকার করে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিনের ছেলে রুবেল আহমদ জানান, আমার চাচা আপ্তাব উদ্দিনসহ কয়েকজন দলিল মূলে ওই জায়গার বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে এ জায়গা ভোগ দখল করে আসছেন। গত কিছু দিন আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সিলেট এই জায়গার স্বত্ব সমাধানের জন্য উভয় পক্ষেকে উচ্চ আদালতে স্বরণাপন্ন হওয়ার জন্য আদেশ দেন। এটা না করে বাবুল মিয়া পক্ষের লোকজন জোরে আমাদের দোকানে ও ঘরে সন্ত্রাসী হামলা চালায়। তাদের এই হামলায় আমাদের পক্ষের অন্তত ৮-১০ জন গুরুতর আহত হয়েছেন।আহতরা বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার উপ পরিদর্শক (এসআই) রকিব আহমেদ বলেন, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত দু’টি পক্ষের মধ্যে বাজারের দোকান ঘর নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ১৪৪ ধারায় মামলার নিষেধাজ্ঞার আদেশ হয়েছে। বাদী ও বিবাদীদের উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পুলিশ চলে আাসার পর ফের উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, কয়েকটি দোকানঘর নিয়ে দু'পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পূর্বেই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন। পুলিশ চলে আসার পরই দু'পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
সিলেট থেকে আরো পড়ুন