খেলাধুলা

রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ দিলো মিসর

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ ২০:৪৫

দুই গোলের লিড নিয়েও জয় অধরা। মাঠে নাটকীয়ভাবে ম্যাচ হাতছাড়া হওয়ার হতাশা কাটার আগেই রেফারিং নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছে মিসর। তাদের দাবি, কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বড় ধরনের ভুল হয়েছে, যা ম্যাচের ফলাফলই বদলে দিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে মিসর ফুটবল ফেডারেশন।

ম্যাচে দীর্ঘ সময় ২-০ ব্যবধানে এগিয়ে ছিল মিসর। ৭৮ মিনিট পর্যন্ত সবকিছুই ছিল তাদের নিয়ন্ত্রণে। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন মিসরের কোচ হোসেম হাসান। তিনি অভিযোগ করেন, ম্যাচ পরিচালনায় পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে এবং আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে এগিয়ে রাখতেই তাদের প্রতি অবিচার করা হয়েছে।

মিসরের ফরোয়ার্ড মোস্তাফা জিকোও রেফারির সমালোচনায় সরব হন। নিজের প্রতিক্রিয়ায় তিনি ম্যাচ পরিচালনাকারী রেফারিকে ‘জালিম’ বলে উল্লেখ করেন।

এরপর আনুষ্ঠানিক পদক্ষেপ নেয় মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। ফেডারেশনের যোগাযোগ বিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ সামাজিক মাধ্যমে জানান, আর্জেন্টিনা-মিসর ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারির বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে পাঠানো অভিযোগে ম্যাচের প্রধান রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার সহকারী কর্মকর্তাদের কার্যক্রম তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাদের দায়িত্ব না দেওয়ারও অনুরোধ করেছেন তিনি।

মিসর ফুটবল ফেডারেশনের দাবি, ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে এবং সেগুলোই শেষ পর্যন্ত ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মিসরের অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি বিতর্কিত ঘটনা। প্রথমটি হলো, ভিএআরের সিদ্ধান্তে তাদের একটি গোল বাতিল করা। দ্বিতীয়টি, প্রতিপক্ষের বক্সে ফাউলের অভিযোগে পেনাল্টির দাবি জানানো হলেও সেই ঘটনাটি ভিএআরে পর্যালোচনা না করা। ফেডারেশনের মতে, এই দুটি সিদ্ধান্তই ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।

খেলাধুলা থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন