দেশে ভয়াবহ বিদ্যুৎ সংকটের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে এবং আলোকসজ্জাও বন্ধ রাখতে হবে।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব মো. মামুন ভূইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে ১১ জুন থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ আগস্ট থেকে এসব প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।
এ সময়সীমা দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এসব আয়োজনও রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।
এছাড়া সবধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট শপিংমল, মার্কেট, দোকান ও মেলা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দেশে গত কয়েক দিন ধরে ভয়াবহ বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। লোডশেডিংয়ে নাজেহাল জনজীবন। রাজধানীর বাইরে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ২৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও জ্বালানি সংকট, কয়লা সরবরাহে বিঘ্ন, কারিগরি ত্রুটি ও অর্থসংকটের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। ৪১টি বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ রয়েছে, আর অনেক কেন্দ্র চলছে সক্ষমতার তুলনায় কম উৎপাদন নিয়ে। ফলে জাতীয় গ্রিডে তৈরি হচ্ছে উল্লেখযোগ্য ঘাটতি। এজন্য সম্প্রতি লোডশেডিং অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।
সিলেট থেকে আরো পড়ুন