প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ ২১:০৯
সিলেট নগরীর রায়নগরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের বাসভবনে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর রায়নগরের ‘১১১ নিকুঞ্জ ভিলা’য় যান মন্ত্রী। সেখানে তিনি নিহত দম্পতির স্বজন ও সন্তানদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় মন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শোকস্তব্ধ পরিবারের সদস্যরা।
নিহতদের স্বজনদের সান্ত্বনা দিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, শান্তির নগরী হিসেবে পরিচিত সিলেটে অতীতে এ ধরনের নির্মম ও নৃশংস ঘটনা খুব কমই ঘটেছে। এই হত্যাকাণ্ড পুরো সিলেটবাসীকে ব্যথিত করেছে।
তিনি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, কারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। ঘটনার নেপথ্যে যদি কোনো কুশীলব থাকে, তাকেও কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে নিহত পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
এ সময় নিহত আব্দুস সাত্তারের ছেলে আরিফ ইফতেখার, মেয়ে সেলিনা সুলতানাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেট থেকে আরো পড়ুন