সিলেট

চট্টগ্রামে সাংবাদিক জিয়াদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫ ১৩:৩৫

চট্টগ্রামে এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় কর্মসূচিতে।

সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন আয়োজন করে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা), সিলেট।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইমজার সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাকিব আহমেদ মিঠু, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, এখন টিভির সিলেট ব্যুরো প্রধান গোলজার আহমেদ, এনটিভির ব্যুরো প্রধান সজল চত্রি, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, এনটিভির চিফ ক্যামেরাপার্সন আনিস মাহমুদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “দেশে সাংবাদিকদের ওপর হামলা উদ্বেগজনক। যারা সংবাদমাধ্যমকে ভয় দেখাতে চায়, তারা গণতন্ত্রের শত্রু। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”

তারা আরও বলেন, “একজন সাংবাদিকের ওপর হামলা মানে পুরো গণমাধ্যমের ওপর হামলা। প্রশাসনের উচিত এ ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।”

মানববন্ধনে সিলেটের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিক, ক্যামেরাপার্সন ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও নিরাপদ সাংবাদিকতা পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন