আন্তর্জাতিক

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল, রামাল্লায় আবেগঘন পরিবেশ

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ ২০:১৩

ইসরায়েলের জীবিত সব জিম্মিকে মুক্তি দেওয়ার পর এর এবার ইসরায়েলি কারাগারে বন্দি ১৯৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদেরকে বহনকারী ৩৮টি বাসের মধ্যে দুটি বাস ইতোমধ্যে পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে।

এদিকে ফিলিস্তিনিদের মুক্তিতে রামাল্লায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর আপনজনকে কাছে পেয়ে আনন্দ-উল্লাসের সঙ্গে জড়িয়ে ধরে চিৎকার আর কান্নায় ভেঙে পড়েন সদ্য মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের স্বজনরা।

এরআগে গাজা উপত্যকায় আটক থাকা ইসরায়েলের জীবিত সব জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার (স্থানীয় সময় সকাল ৮টার কিছু পর) প্রথম দফায় ৭ জন জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রসের হাতে তুলে দিয়েছে তারা। এর কয়েকঘণ্টা পরই স্থানীয় সময় দুপুরের দিকে বাকি ১৩ জনকেও রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস। 

এই মুক্তি প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনার অংশ। গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর চতুর্থ দিনে এসে শুরু হয় জিম্মি ও বন্দি বিনিময়ের প্রক্রিয়া।

ট্রাম্পের পরিকল্পনার আওতায় গঠিত যুদ্ধবিরতির মূল তিনটি শর্ত— গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করা, ইসরায়েলি সেনাদের নির্দিষ্ট সীমানা পর্যন্ত সরিয়ে আনা, এবং জিম্মি ও বন্দি বিনিময়। 

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৩ অক্টোরব) দুপুরের মধ্যে ৪৮ জন জিম্মিকে মুক্তি দেয়ার কথা রয়েছে হামাসের, যাদের মধ্যে ২০ জন জীবিত এবং ২৮ জন মৃত বলে ধারণা করা হচ্ছে। যদিও হামাস বলেছে, তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সব ‘মৃত জিম্মিদের’ খুঁজে বের করার চেষ্টা করছে, তবে এটি সম্ভব নাও হতে পারে এবং ইসরায়েলও এটি সম্পর্কে অবগত।

অন্যদিকে জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে বন্দি থাকা ১ হাজার ৯৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এই বন্দিদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। এছাড়া মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২২ জন শিশু রয়েছে বলেও জানা গেছে। 

সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন