গাজা ইস্যুতে ইসরাইল যখন কূটনৈতিকভাবে একঘরে ঠিক তখনই রেকর্ড পরিমাণ অস্ত্র রফতানি করে প্রভাব বাড়াচ্ছে তেল আবিব। আর সেই তালিকায় এবার সামনে এলো সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গোপনে মেগা অস্ত্র চুক্তির বিষয়।
গত ১৫ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে ফরাসি অনুসন্ধানী সংবাদমাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত গোপনে ইসরাইলি অস্ত্র নির্মাতা এলবিট সিস্টেমসের সঙ্গে ২৩০ কোটি ডলারের চুক্তি করেছে। গত মাসে এলবিট এই চুক্তির ঘোষণা দিলেও তখন ক্রেতার পরিচয় গোপন রাখা হয়। তারা জানায়, এখন নিশ্চিত হওয়া গেছে সেই ক্রেতা সংযুক্ত আরব আমিরাত।ইসরাইলের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র চুক্তি হিসেবে বিবেচিত এই চুক্তি বাস্তবায়ন হতে আট বছর লাগবে বলে জানা গেছে। তবে অত্যন্ত সংবেদনশীল সামরিক প্রযুক্তির সঙ্গে জড়িত থাকায় চুক্তিটির বহু তথ্য এখনও গোপন রাখা হয়েছে। এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফ্যাম।
মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এই অস্ত্র বেসামরিক মানুষের ক্ষতি বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ব্যবহার করা হতে পারে। এদিকে আমিরাতের বিরুদ্ধে সুদানসহ বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত মিলিশিয়াদের সহায়তার অভিযোগ রয়েছে।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন