সিলেট

তামাবিল ইমিগ্রেশনে আটক জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল আহমেদ

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ১৯:০০

তামাবিল ইমিগ্রেশনে আটক জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হলে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে গোয়াইনঘাট থানার আওতাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির চার সদস্য সেখানে উপস্থিত হন। দুপুর ১২টা ৫০ মিনিটে জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কামাল আহমেদকে জৈন্তাপুর থানা হেফাজতে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, কামাল আহমেদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে জৈন্তাপুর থানা পুলিশ।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন