সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ২৭ লাখ ৩৪ হাজার ৯৫৯ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সাতটি বিওপির আওতাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালাসাদেক, প্রতাপপুর, দমদমিয়া, সোনারহাট, বিছনাকান্দি, নোয়াকোট ও সংগ্রাম বিওপির সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারতীয় মদ, গরু, ফল, কম্বল, কসমেটিকস, সবজি, চকলেট, বাসমতি চাল, আলু, জুস, দুধ, বিছানার চাদর, ফুচকা, মধু, বিস্কুট, বিড়ি ও চা-পাতাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি লেডিস সোয়েটার জব্দ করা হয়।
জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ২৭ লাখ ৩৪ হাজার ৯৫৯ টাকা।
৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট থেকে আরো পড়ুন