সিলেটের জৈন্তাপুর উপজেলার পর্যটন কেন্দ্র লালাখালে অবৈধ কর্মকাণ্ড দমনে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে প্রবল স্রোত ও দুর্গম পথ উপেক্ষা করে দুটি বড় ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। পরে জনসম্মুখে নৌকা দুটি ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দকৃত নৌকা ও ইঞ্জিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকটি অবৈধ নৌকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। ফলে সবাইকে আটক করা সম্ভব না হলেও অবৈধ সরঞ্জামগুলো অকেজো করে দেওয়া হয়েছে।
অভিযান শেষে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “লালাখালের পরিবেশ রক্ষা এবং সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও যাতায়াত বন্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আজ আমরা সফলভাবে দুটি বড় ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করেছি। যারা পালিয়েছে তাদেরও নজরদারিতে রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। সবাইকে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের পরিবেশ সংরক্ষণ ও আইন প্রতিপালনে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের মতে, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করাই এ অভিযানের মূল উদ্দেশ্য।
সিলেট থেকে আরো পড়ুন