সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। শিশুদের পাশাপাশি তরুণদের মধ্যেও এ রোগ ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে অভিভাবক ও স্বাস্থ্য সংশ্লিষ্টদের মধ্যে।
সরকারি হিসাব অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হাম রোগের লক্ষণ নিয়ে মোট ৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আরও ২১ জন।পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালটিতে বিশেষভাবে একটি আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) চালু হওয়া এই সেন্টারে বর্তমানে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, আক্রান্তদের অধিকাংশই শিশু হলেও সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যেও সংক্রমণ বাড়ছে, যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কিছুটা চাপের মুখে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তারা জানিয়েছেন, রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইসোলেশন কার্যক্রম জোরদার করা হয়েছে।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, “বর্তমানে রোগীর চাপ বাড়লেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সেবা দিতে। সংক্রমণ রোধে আইসোলেশন ব্যবস্থা কার্যকর রাখা হয়েছে।”
এদিকে, পুরো সিলেটজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। জেলা ও উপজেলা পর্যায়ে আইসোলেশন সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, “হাম প্রতিরোধে টিকাই সবচেয়ে কার্যকর উপায়। তাই নির্ধারিত সময় অনুযায়ী শিশুদের টিকা নিশ্চিত করতে হবে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”
স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা জানান, সময়মতো টিকাদান ও সচেতনতা বৃদ্ধি করা গেলে হাম রোগের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব।
সিলেট থেকে আরো পড়ুন