সিলেট

সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল তাঁতীদল নেতার, আহত শিশু পুত্র

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ ২২:১৯

সিলেট মহানগরীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদ। এ ঘটনায় তার তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছোট ছেলে আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনেল আহমদ দক্ষিণ সুরমার গোপশহরের বাসিন্দা এবং নগরীর কাজী ম্যানশন মার্কেটের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, তেলিবাজার এলাকার একটি স্কুল থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জুনেল আহমদ। পথে একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার ছেলে গুরুতর আহত হয়।

সিলেট মহানগর তাঁতীদলের সদস্য সচিব আমিনুল হক বেলাল বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ট্রাক চালককে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন