সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট চৌহাট্টার দেয়ালে আঁকা গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসে উঠেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার দুপুরে এ ঘটনায় প্রতিবাদ সভা করেছেন তারা।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা চৌহাট্টার দেয়ালে বিভিন্ন গ্রাফিতি আঁকেন। ওইসব গ্রাফিতিতে জুলাই আন্দোলনের স্মৃতি, প্রতিবাদ ও নানা বার্তা ফুটে ওঠে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে চৌহাট্টার দেয়ালে আঁকা গ্রাফিতিগুলো মুছে ফেলা হয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এর প্রতিবাদে গতকাল রাতেই শিক্ষার্থীরা সেই সাদা দেয়ালে নতুন করে নানা স্লোগান লিখে দেন। এর মধ্যে ছিল— “জুলাই মুছে দেয়া যাবে না”, “জান দেবো, জুলাই দেবো না” সহ বিভিন্ন প্রতিবাদী বার্তা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের স্মৃতিচিহ্ন মুছে ফেলার মাধ্যমে ইতিহাসকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, এসব গ্রাফিতি শুধু দেয়ালে আঁকা ছবি নয়, বরং একটি আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের প্রতীক।
প্রতিবাদ সভা থেকে দ্রুত গ্রাফিতিগুলো পুনরায় সংরক্ষণ এবং ভবিষ্যতে এমন উদ্যোগ থেকে সরে আসার দাবি জানান শিক্ষার্থীরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
সিলেট থেকে আরো পড়ুন