সিলেট

বিছনাকান্দিতে ৫ ঘন্টা পর মিললো নিখোঁজ শাবি ছাত্রের নিথর দেহ

প্রকাশ: ১৬ মে ২০২৬ ১২:১৩

সিলেটের বিছনাকান্দি পর্যটক কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ পর্যটক শান্ত বণিকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ৫ ঘন্টার পর শুক্রবার (১৫ মে) রাত পৌনে ১০টার দিকে পিয়াইন নদী থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।  

বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে বিকাল সাড়ে ৪ টায় বিছানাকান্দির স্বচ্ছ জলে সাঁতার কাটতে নেমে স্রোতের তুড়ে পিয়াইন নদীর অববাহিকায় নিখোঁজ হন শান্ত বণিক (২২)।

শান্ত বণিক ঠাকুরগাঁও জেলার বাসিন্দা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (PME) বিভাগের ছাত্র।

নিখোঁজের সহপাঠিদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, তারা ১১ বন্ধু একসাথে শুক্রবার বিকেলে বিছানাকান্দিতে ঘুরতে যান। এরপর স্বচ্ছ জলে সাঁতার কাটতে নামলে উজান থেকে ঢলে স্রোতের তুড়ে পানিতে হারিয়ে যান শান্ত বণিক।  

 

বিছাকান্দিতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের ৫ ঘন্টা পর উদ্ধার শান্ত বণিকের নিথর দেহ। ছবি-নতুন সিলেট 

এক পর্যায়ে স্থানীয়রা তাকে নৌকা দিয়ে খোঁজাখুজি করেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। পরে সিলেট থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে অনুসন্ধান করে রাত পৌনে ১০টার দিকে শান্ত বণিকের নিথর দেহ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাটি জানার পর পুলিশের একটি টিম সেখানে পৌছায়। সে সময় স্থানীয়দের সহযোগীতায় শান্ত বণিকের সন্ধান মিলেনি। রাতে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ তার সহপাঠি বন্ধুদের কাছে হস্তান্তর করা হয়।

সিলেট থেকে আরো পড়ুন