সিলেট

বিসিবির কাউন্সিলর হলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

প্রকাশ: ১৭ মে ২০২৬ ১৯:৪৮

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের প্রাক্কালে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

রোববার (১৭ মে) এ তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

এর আগে আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সহসভাপতি এবং সিলেট জেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। সম্প্রতি তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও মনোনীত হয়েছেন।

এদিকে বিসিবির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া চলছে। বর্তমানে সংস্থাটি তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির অধীনে পরিচালিত হচ্ছে।

বিসিবি নির্বাচন কমিশন ক্লাব, জেলা ও বিভাগ—এই তিন ক্যাটাগরি থেকে মোট ১৯২ জন কাউন্সিলরের তালিকা চেয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে। ইতোমধ্যে নির্বাচন তফসিলও ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিনে ফলাফল প্রকাশ করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, কাউন্সিলরদের তালিকার ভিত্তিতে ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ মে আপত্তি গ্রহণ এবং ১৯ মে শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিতরণ এবং ২১ ও ২২ মে মনোনয়ন জমা নেওয়া হবে। ২৩ মে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আর ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।

ঈদুল আজহার বিরতির পর আগামী ১ জুন থেকে পুনরায় নির্বাচনী কার্যক্রম শুরু হবে। ৭ জুন রাজধানীর মিরপুরে বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুইজন পরিচালক যুক্ত হবেন। পরবর্তীতে নির্বাচিত ২৫ পরিচালকের ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত করা হবে।

সিলেট থেকে আরো পড়ুন