দেশে আনা হয়েছে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ। তাকে বয়ে আনা বিমানটি আজ রোববার আজ বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় লাশ গ্রহণ করতে উপস্থিত ছিলেন কারিনার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
সামাজিক মাধ্যমে এক পোস্টে কারিনার মা লোপা কায়সার জানিয়েছেন, আজ বাদ মাগরিব রাজধানীর ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা হবে। একই দিন রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে তাঁর মরদেহ। পরদিন সোমবার বাদ ফজর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করা হবে।
গেল শুক্রবার (১৫ মে) ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কারিনার। সেসময় কায়সার হামিদ বলেছিলেন, ‘ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ওকে আর বাঁচানো গেল না।’
এর আগে সোমবার রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাইয়ে নেওয়া হয় কারিনাকে। তার সফর সঙ্গী হয়েছিলেন মা ও দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ। সিএমসি হাসপাতালের চিকিৎসকেরা প্রথমে তাঁর ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার পথে দেশে চলে যান কারিনা।
বিনোদন থেকে আরো পড়ুন