সিলেট

‎মাজারের স্বচ্ছতা নিশ্চিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশ: ২৪ জুন ২০২৬ ২০:০৪

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

‎বুধবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বিমানবন্দরে প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও সেবার অগ্রগতি পরিদর্শন করতে সেখানে যান মন্ত্রী।

‎সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, কাতারে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস এবং কাতার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে। নিহতদের পরিবার যাতে দ্রুত মরদেহ গ্রহণ করতে পারে এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা পায়, সে বিষয়েও সরকার নজর রাখছে।


‎এ সময় সম্প্রতি সিলেটের মাজার-সংক্রান্ত আলোচিত বিষয় নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, মাজারের আয়-ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে। ধর্মীয় ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠার মাধ্যমে জনআস্থা আরও বৃদ্ধি পাবে বলেও মন্তব্য করেন তিনি।

‎সিলেটের জেলা প্রশাসকের বদলির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রশাসনে বদলি একটি নিয়মিত ও স্বাভাবিক প্রক্রিয়া। এটিকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। সরকারি প্রশাসনের প্রয়োজন ও নীতিমালার আলোকে কর্মকর্তাদের বিভিন্ন সময়ে এক স্থান থেকে অন্য স্থানে দায়িত্ব প্রদান করা হয়ে থাকে।

‎পরিদর্শনকালে মন্ত্রণালয় ও বিমানবন্দর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রবাসীদের সেবা কার্যক্রম, অভিবাসন ব্যবস্থাপনা এবং যাত্রীসেবার বিভিন্ন দিক সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এছাড়া বিমানবন্দরে প্রবাসীদের জন্য চালু থাকা সেবা কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।

 

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন