সিলেট

পাথরকাণ্ডে ইন, দরগাহকাণ্ডে আউট

প্রকাশ: ২১ জুন ২০২৬ ২০:০১

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাঁকে উপসচিব (সংযুক্ত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাঁকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে নতুন পদে বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

সারওয়ার আলমের এই প্রত্যাহার এমন এক সময়ে এলো, যখন সম্প্রতি শাহজালাল (রহ.) মাজারকেন্দ্রিক একটি ঘটনাকে ঘিরে তিনি ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ওই ঘটনার প্রেক্ষাপটে তাঁর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল।

এর আগে তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাদাপাথর লুটপাট-সংক্রান্ত আলোচিত ঘটনার পরবর্তী সময়ে। দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে তিনি একাধিকবার আলোচনায় এসেছিলেন।

তবে সর্বশেষ এই বদলির পেছনে কোনো নির্দিষ্ট কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

উল্লেখ্য, মো. সারওয়ার আলম সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন আদেশ অনুযায়ী তিনি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন