সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা সেতু এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (২০ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জগামী একটি দূরপাল্লার বাসের সঙ্গে সিলেটগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন।
এদিকে, মঙ্গলবার রাতে একই মহাসড়কের পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সিলেট থেকে আরো পড়ুন