সিলেট

সিলেট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ ১২:৫২

সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ ও ১৬ আগস্ট—দুই দিনব্যাপী সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) থেকে একটি বিশেষ অপারেশন দল এবং অধীনস্থ বিভিন্ন বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে।

জব্দ করা পণ্যগুলো সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

সিলেট থেকে আরো পড়ুন