যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে বিশ্বনাথের এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৩টার দিকে পূর্ব লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে। তার মৃত্যুর খবর মঙ্গলবার সকালে দেশে পৌঁছালে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নিহত মাছুম আহমদ বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। ছোটবেলা থেকেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছিলেন। তার এক কন্যাসন্তান রয়েছে।
নিহতের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া জানান, স্থানীয় সময় রাত ৪টার দিকে তাদের বাসায় পুলিশ আসে। দরজা খোলার পর পুলিশ জানতে চায়, এটি মাছুম আহমদের বাসা কি না। পরে মাছুমের ছবি দেখতে চায় পুলিশ। ছবি দেখানোর পর পুলিশ জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
মানিক মিয়া বলেন, ‘কী কারণে আমার ভাইকে গুলি করা হয়েছে, তা এখনো জানতে পারিনি।’ মাছুমের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার দুপুরে পূর্ব কারিকোনা গ্রামের স্থানীয় মসজিদের মাইকে মাছুম আহমদ গুলিতে নিহত হওয়ার খবর জানানো হয়। পরে তার জানাজার সময় জানানো হবে বলে ঘোষণা দেওয়া হয়।
নিহতের বাবা আমির আলী বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তার ছোট ছেলে মারুফ আহমদ ফোন করে মাছুমের মৃত্যুর খবর জানান। তবে কী কারণে তার ছেলেকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তারা এখনো কিছু জানতে পারেননি।
পরিবার সূত্রে জানা গেছে, মাছুম আহমদের দুই ভাই ও দুই বোনও যুক্তরাজ্যে পরিবার নিয়ে বসবাস করছেন। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
সিলেট থেকে আরো পড়ুন