মালয়েশিয়াতে চিকিৎসাধীন আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। সেখান থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়ে জেষ্ঠ্য এই রাজনীতিক জানালেন, তিনি সুস্থ হলেই দেশে ফিরে আসবেন।
বুধবার (২০ মে) মালয়েশিয়া থেকে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন মির্জা আব্বাস স্বয়ং। একইসঙ্গে জানিয়েছেন, তিনি এখনো থেরাপি নিচ্ছেন।
দেশে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। সেখান থেকে গত ১৪ এপ্রিল ফিজিও থেরাপির জন্য নেওয়া হয় মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে। এক মাসের বেশি সময় ধরে সেখানেই তার চিকিৎসা চলছে।
মালয়েশিয়াতে মির্জা আব্বাসের সার্বক্ষণিক দেখভালের জন্য আছেন তার স্ত্রী আফরোজা আব্বাসসহ পরিবারের কয়েকজন সদস্য।
এর আগে আফরোজা আব্বাস গণমাধ্যমকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে তথ্য দিয়েছেন। তার বোন, ভাগিনা ও দলের নেতাকর্মী যারা হাসপাতালে দেখতে গিয়েছেন, তারাও কিছু আপডেট দিয়েছেন। এবার তিনি নিজে জানালেন শারীরিক অবস্থার কথা।
শারীরিক অবস্থা এখন কেমন- এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন, ‘আছি মোটামুটি। এখনো চিকিৎসার মধ্যে আছি, থেরাপি নিচ্ছি। দেশবাসীকে আমার জন্য দোয়া করতে বলবেন। সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি।’
দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে এই সংসদ সদস্য বলেন, ‘সুস্থ হলেই দেশে চলে আসব, জানাব আমি।’ খাওয়া-দাওয়া ঠিকঠাক চলছে বলেও জানান এই বর্ষীয়ান রাজনীতিক।
এসময় মির্জা আব্বাসের পাশে থাকা আফরোজা আব্বাস টেলিফোনে বলেন, ‘উনি এখন অনেকটাই সুস্থ, ভালো আছেন। এখন তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। তিনি হাসপাতালেই থাকছেন।’
এদিকে বুধবার (২০ মে) মির্জা আব্বাসের বোন শাহিদা মির্জা হাসপাতালের ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ উত্তম ফায়সালাকারী, আল্লাহ মহান। দাদা ভাইয়ের জন্য দোয়ার দরখাস্ত রইল।’
গত ১১ মার্চ ইফতারের সময়ে হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হলে মির্জা আব্বাসকে প্রথমে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়। নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম দ্রুত তার মতিষ্কে অস্ত্রোপচার করেন।
অস্ত্রোচারের পর গত ১৫ মার্চ মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে টানা একমাস চিকিৎসকদের নিবিড় চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে উঠেন তিনি।
এরপর সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল ফিজিও থেরাপির জন্য মির্জা আব্বাসকে নেওয়া হয় মালয়েশিয়ার বিশেষায়িত হাসপাতাল প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে।
রাজনীতি থেকে আরো পড়ুন