সিলেট

সিলেটে কোরবানির পশুর হাটকে ঘিরে সিলেটে খামারিদের স্বপ্ন ও প্রত্যাশা

প্রকাশ: ২০ মে ২০২৬ ২১:৪৭

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটজুড়ে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বছরের সবচেয়ে বড় এই মৌসুমি বাজারকে ঘিরে আশায় বুক বাঁধছেন খামার মালিক ও গরু ব্যবসায়ীরা। কয়েক মাসের লালন-পালন শেষে ভালো দামের প্রত্যাশায় এখন ব্যস্ত সময় পার করছেন তারা।

সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, ছোট-বড় অসংখ্য খামারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। গরুর পরিচর্যা, খাবার সরবরাহ ও স্বাস্থ্য পরীক্ষা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা। 

অনেকেই বলছেন, এবার পশুর উৎপাদন খরচ বেড়েছে। গরুর খাদ্য, ওষুধ ও শ্রমিক খরচ বৃদ্ধি পাওয়ায় লাভের মুখ দেখতে ভালো দামের বিকল্প নেই।
খামার মালিকদের দাবি, দেশীয় খামারিদের উৎসাহ দিতে স্থানীয়ভাবে লালন-পালন করা পশুর প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ানো প্রয়োজন। তারা আশা করছেন, এবার হাটে ক্রেতাদের উপস্থিতি ভালো হবে এবং ন্যায্যমূল্যে পশু বিক্রি করতে পারবেন।

অন্যদিকে, ইতোমধ্যে সিলেটের বিভিন্ন স্থানে অস্থায়ী পশুর হাট প্রস্তুতের কাজও শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

খামারিরা বলছেন, সারা বছরের বিনিয়োগ ও পরিশ্রমের বড় অংশ নির্ভর করে কোরবানির এই মৌসুমের ওপর। তাই আসন্ন হাটে ভালো বেচাকেনার মাধ্যমে ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখার স্বপ্ন দেখছেন তারা।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন