সিলেট

সিলেটে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রকাশ: ০৪ জুন ২০২৬ ২০:৪৬

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা। বৃহস্পতিবার (৪ জুন) বাদ আসর নগরীর জিন্দাবাজার এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি জিন্দাবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় নেতা-কর্মীদের সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় সড়কের দুই পাশে সাধারণ মানুষের ভিড় জমে যায়।

বিক্ষোভ মিছিল পুর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সরকার জনস্বার্থের তোয়াক্কা না করে একের পর এক জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। একই সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় জনগণের জানমালের কোনো নিরাপত্তা নেই।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে এবং বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। 

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন