প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বুধবার (১৭ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানাতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত হন।
বিমানবন্দরে পৌঁছার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতৃবৃন্দ। পরে তিনি বিমানবন্দর ত্যাগ করলে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা হাত নেড়ে ও স্লোগান দিয়ে তাকে অভ্যর্থনা জানান। এ সময় দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে যায় বিমানবন্দর সড়কসহ আশপাশের এলাকা।
নেতাকর্মীদের উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। অনেকেই সকাল থেকেই বিমানবন্দর এলাকায় অবস্থান নেন প্রিয় নেতাকে একনজর দেখার জন্য।
সফরসূচি অনুযায়ী, সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন এবং একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন।
তার সফরকে কেন্দ্র করে সিলেট ও মৌলভীবাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
দলীয় নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর সিলেট অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিলেট থেকে আরো পড়ুন