সিলেট

সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিনের জানাজায় মানুষের ঢল

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ ১৭:৩৬

সিলেট নগরের শাহপরান ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ৬৫ বছর বয়সী এই ব্যবসায়ীর জানাজা সোমবার দুপুরে সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন।

‎জানাজায় উপস্থিত অনেকেই শাহাব উদ্দিনকে একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করেন। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, শান্ত স্বভাবের এবং সবার সঙ্গে ভালো আচরণ করতেন। তার এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও পরিচিতজনরা।

‎নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে তিনি নগরের শাহপরান থানার ইসলামাবাদ এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা ছিল।

‎রোববার দিবাগত রাতে নিজ বাসার কাছ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তার মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

‎এ ঘটনায় কে বা কারা এবং কী কারণে শাহাব উদ্দিনকে হত্যা করেছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।

‎একজন নিরীহ ও ভালো মানুষ হিসেবে পরিচিত শাহাব উদ্দিনের এমন মৃত্যুতে স্বজনদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ ও শোক বিরাজ করছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন