সিলেট

সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা

প্রকাশ: ১৭ জুন ২০২৬ ১২:৪৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৈরী আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে তাকে স্বাগত জানাতে সড়কের পাশে অবস্থান নেন শত শত চা শ্রমিক। প্রবল বৃষ্টির মধ্যেও তাদের উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি।

বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের পাশাপাশি চা শ্রমিকরাও তাকে অভ্যর্থনা জানান।

বিশেষ করে  সড়কের বিভিন্ন পয়েন্টে বৃষ্টিতে ভিজেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা বাগানের শ্রমিকরা। অনেকের হাতে ছিল ফুল, ব্যানার ও জাতীয় পতাকা। কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

চা শ্রমিকদের কয়েকজন বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে তারা সকাল থেকেই অপেক্ষা করছিলেন। বৃষ্টি তাদের উৎসাহ কমাতে পারেনি। তারা আশা প্রকাশ করেন, চা শিল্পের উন্নয়ন এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের কার্যকর উদ্যোগ আরও জোরদার হবে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো অঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন।

বৃষ্টিস্নাত দিনের মধ্যেও চা শ্রমিকদের এই উষ্ণ অভ্যর্থনা সফরের অন্যতম আকর্ষণীয় দৃশ্যে পরিণত হয়।
 

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন