ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের অর্থনৈতিক মন্দা পরিস্থিতির কারণে দীর্ঘদিন নতুন কোনো দেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম চালু করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। তবে এবার ফ্রান্সসহ তিনটি দেশে নতুন করে এ কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এতে প্রবাসে এনআইডি নিবন্ধন কার্যক্রমে আবারও গতি ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
ইসির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে নতুন কোনো দেশে এনআইডি কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। এর কারণ ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের অর্থনৈতিক মন্দা পরিস্থিতি। তবে প্রবাসীদের কথা বিবেচনা করে নতুন করে ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুরে এ কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুয়ালালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরন্টো; জাপানের টোকিও; যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস; মালদ্বীপের মালে; ওমানের মাসকাট; দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া—মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার কার্যক্রম ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। নতুন করে এই তিন দেশ কার্যক্রম শুরু হওয়ার পর যুক্ত হবে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানান, পর্যালোচনা চলছে। পর্যালোচনা শেষে এ বিষয়ে জানাতে পারবেন।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, এনআইডি পেতে মোট আবেদন করেছেন ৮৯ হাজার ৪৯২ জন নাগরিক। তাদের মধ্যে বায়োমেট্রিক দিয়েছেন ৫৩ হাজার জন এবং এনআইডি পেয়েছেন ৪৮ হাজার জন। সবচেয়ে বেশি আবেদন এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে ২৩ হাজার ৮৭৮টি। আর সবচেয়ে কম আবেদন এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে ১২৬টি।
নির্বাচন কমিশন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)-সহ বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেখেছে, ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের আধিক্য রয়েছে। এসব দেশকে মাথায় রেখে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
দেশগুলো হলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, হংকং, মিশর, ব্রুনাই, মরিশাস, ইরাক, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, গ্রিস, স্পেন, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাস।
এসব দেশে এক কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৫৩৪ জন প্রবাসী রয়েছেন। সবচেয়ে বেশি প্রবাসী রয়েছেন সৌদি আরবে ৪০ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন। আর সবচেয়ে কম রয়েছেন নিউজিল্যান্ডে দুই হাজার ৫০০ জন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন ২০১৯ সালে প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগ নেয়। এরপর ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনে ভোটার করার কার্যক্রম উদ্বোধন করে ইসি। এর আগে ২০১৯ সালের ১৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের জন্য এ কার্যক্রম শুরু করা হয়। তার আগে একই বছরের ৫ নভেম্বর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার অংশ হিসেবে অনলাইনে আবেদন গ্রহণের কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর সৌদি আরব, সিঙ্গাপুর ও মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্যও এ সুযোগ চালু করা হয়। কিন্তু করোনা মহামারির কারণে দূতাবাসের মাধ্যমে এ কার্যক্রম শুরুর পরিকল্পনা থমকে যায়। পরবর্তী সময়ে ২০২২ সালে আগের আবেদনগুলো পাশ কাটিয়ে নতুন করে এ কার্যক্রম শুরু করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। সেই কার্যক্রমকেই আরও দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে বর্তমান নাসির উদ্দিন কমিশন।
জাতীয় থেকে আরো পড়ুন