মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (১৭) ও নাঈম (১৭) নামে দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় ছাব্বির আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা-কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার মো. রমজান মিয়ার ছেলে এবং নাঈম একই এলাকার তাজুল ইসলামের ছেলে। তারা মোটরসাইকেলে করে হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিল জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত ছাব্বির আহমেদ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, সাতগাঁও চা-বাগানের চা-কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই কিশোর নিহত হন।
তিনি আরও জানান, নিহতদের স্বজনরা ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনাকবলিত হানিফ পরিবহনের বাসটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন