জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে হাসিনার ফোনালাপ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ ২১:৩৬

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিদেশে গিয়ে গোপন ফোনালাপের বিষয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি বিদেশে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন, এমন সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি। এমন তথ্য পাওয়া গেলে তা অবশ্যই তদন্ত করা হবে।’

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে ব্রিফ্রিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরে থাকা অবস্থায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন টেলিফোনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি ৯ মে লন্ডনে যান এবং ১৮ মে দেশে ফেরেন। লন্ডনে গিয়ে আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। বিষয়টি নিয়ে খবর প্রকাশের পর নানা গুঞ্জন ও সমালোচনার মধ্যে এ নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ‘এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট খবর পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে।

ব্রিফিংয়ে আসন্ন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে। সেটি আমরা প্রধানমন্ত্রী দফতরে পাঠিয়েছি।

মার্কিন দূতের ঢাকা সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের সফর ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও ভালো হবে মনে করি। এছাড়া ভিসা-সংক্রান্ত জটিলতা কমানোর জন্য পাসপোর্ট ইস্যুতে স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জাতীয় থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন