সিলেট

সিলেটে অনিয়মের অভিযোগে দুই হাসপাতাল ও এক ফার্মেসীকে জরিমানা

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ ২০:২৫

সিলেট নগরের দুটি বেসরকারি হাসপাতালে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের যৌথ অভিযানে উঠে এসেছে দীর্ঘদিনের অবহেলার চিত্র। প্রয়োজনীয় লাইসেন্স নবায়ন ছাড়াই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার দায়ে দুটি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্স হালনাগাদসহ সব আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া একটি হাসপাতালের ভেতরে ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা এবং ওষুধ বিক্রির একাধিক অনিয়মের দায়ে পৃথকভাবে জরিমানা করা হয়েছে।



‎অভিযানকালে নগরের সেন্ট্রাল হাসপাতাল ও সুরমা ভ্যালি হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন না করেই স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এ অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে প্রতিটি হাসপাতালকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যেই নির্দেশনা বাস্তবায়নের আশ্বাস দিয়েছে।

‎অভিযানের একপর্যায়ে সুরমা ভ্যালি হাসপাতালের ভেতরে পরিচালিত একটি ফার্মেসিতেও তল্লাশি চালানো হয়। সেখানে ড্রাগ লাইসেন্স ছাড়াই ফার্মেসি পরিচালনা, অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রির বাধ্যতামূলক রেজিস্টার সংরক্ষণ না করা এবং দায়িত্বে কোনো নিবন্ধিত ফার্মাসিস্ট উপস্থিত না থাকার মতো একাধিক অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ওষুধ ও কসমেটিক্স আইনে ফার্মেসিটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী জেলার হাসপাতালগুলোতে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স, আইনগত অনুমোদন এবং ওষুধ বিক্রির বিধিবিধান যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এ উদ্যোগ। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন