আন্তর্জাতিক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ ২১:৩৪

সিরিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্ততপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। দেশটির পূর্বাঞ্চল থেকে রাজধানী দামেস্কে যাওয়ার গুরুত্বপূর্ণ মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

শনিবার (২৫ জুলাই) দেশটির দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে আল-জাজিরা।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। অন্য বাসটিতে ছিলেন সাধারণ যাত্রীরা।

৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কটি পূর্বাঞ্চলীয় সিরিয়ার সঙ্গে রাজধানী দামেস্ককে যুক্ত করেছে। মহাসড়কটির আল-সুখনাহ ও পালমিরার মধ্যবর্তী এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়ায় বাস দুটি।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানো হয়। পাশাপাশি আহতদের দ্রুত হোমস সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জরুরিভিত্তিতে কয়েকটি হেলিকপ্টার পাঠায় উদ্ধারকারী দল।

দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কটি জরাজীর্ণ অবস্থা ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য পরিচিত। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক পরিকাঠামো ও সড়ক ব্যবস্থার যে চরম অবনতি হয়েছে, এই দুর্ঘটনাকে তারই একটি করুণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন