সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক, সুশৃঙ্খল ও কার্যকর করতে চৌহাট্টায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাফিক পুলিশ বক্সটির উদ্বোধন করেন।
এ সময় ট্রাফিক পুলিশ বক্স নির্মাণে সার্বিক সহযোগিতা প্রদানকারী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর উন্মোচন, কেক কাটা এবং দোয়া মাহফিলের মাধ্যমে নতুন ট্রাফিক পুলিশ বক্সটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যানজটমুক্ত সিলেট গড়ে তুলতে এই ট্রাফিক পুলিশ বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, চৌহাট্টা সিলেট মহানগরীর অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ মোড়। নতুন পুলিশ বক্স চালুর ফলে এ এলাকার ট্রাফিক ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং দায়িত্ব পালনরত ট্রাফিক সদস্যদের জন্য ওয়াশরুম সুবিধাসহ উন্নত কর্মপরিবেশ ও বিশ্রামের ব্যবস্থা নিশ্চিত হবে।
নতুন ট্রাফিক পুলিশ বক্স নির্মাণে সহযোগিতা ও অবদান রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশ কমিশনার।
অনুষ্ঠানে এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ট্রাফিক বিভাগের কর্মকর্তারা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেট থেকে আরো পড়ুন