সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় দম্পতি ও তাদের গৃহকর্মীকে গলাকেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়াকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার সকালে বাবুল মিয়াকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে আদালতের বিচারক ফারহানা সুলতানা বাবুল মিয়ার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, মামলার তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ বলছে, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ, ঘটনার সঙ্গে বাবুল মিয়ার সম্পৃক্ততা এবং এর পেছনে অন্য কেউ জড়িত আছে কি না—এসব বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করা হবে।
এ ঘটনায় নিহতদের স্বজন ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন