সিলেটে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না। প্রতিদিনই হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঘটনা ঘটছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরিয়ান ইসলাম নামে ১১ মাস ২৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মৃত শিশু আরিয়ান ইসলাম জকিগঞ্জ উপজেলার আলমনগর এলাকার দেলোয়ার মিয়ার ছেলে। চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে আরও ১৪১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন মোট ৩৩৬ জন।
এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।
নিশ্চিত হাম রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও প্রতিদিন সন্দেহজনক রোগীর সংখ্যা বাড়তে থাকায় সিলেট বিভাগের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য থেকে আরো পড়ুন