সিলেট

৮ মামলার চিহ্নিত আসামি সাইফুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২১:১০

সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮ মামলার চিহ্নিত আসামি মো. সাইফুল ইসলামকে (৪১) গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বন্দরবাজারস্থ জেল রোড পয়েন্ট এলাকায় ছিনতাই প্রতিরোধ ও অপরাধ দমনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম। এ সময় তার সঙ্গে পুলিশের একটি দল ছিল।

গ্রেপ্তার সাইফুল ইসলামের পিতার নাম মৃত বেগম সাহেব ওরফে বল্লু বেগ এবং মায়ের নাম যমুনা বেগম। তার স্থায়ী ঠিকানা নেত্রকোনা সদর থানার কৃষ্ণপুর গ্রামে। বর্তমানে তিনি সিলেটের মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের তেলিপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনা করে সাইফুল ইসলামের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এবং নেত্রকোনায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড পাওয়া গেছে।

তার বিরুদ্ধে বর্তমানে মোট ৮টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে দুটি দ্রুত বিচার আইনের মামলা, তিনটি ডাকাতির প্রস্তুতির মামলা, দুটি চুরির মামলা এবং নেত্রকোনা সদর থানায় একটি মামলা রয়েছে।

গ্রেপ্তার সাইফুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
 

সিলেট থেকে আরো পড়ুন