সিলেট

১৭ মামলার আসামিকে হত্যার ঘটনায় গ্রে ফ তা র ১

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫৫

হবিগঞ্জের বাহুবলে ১৭ মামলার আসামি জামাল মিয়াকে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি ছায়েদ মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। ৪৮ ঘণ্টার মধ্যে পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের অভিযানিক দল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সূত্রে জানা যায়, জেলার বাহুবল উপজেলার ভুগলী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা জামাল মিয়ার সঙ্গে বিবাদীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ৪টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জামাল মিয়ার বাড়িতে হামলা চালায়। দরজা খুলতেই তাকে জোরপূর্বক ধরে বাইরে নিয়ে যায় এবং স্ত্রীকে ঘরে ফেলে দরজা আটকে দেয়। পরে ভোরে স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে গ্রামের ধানখেতে জামাল মিয়ার রক্তাক্ত লাশ দেখেন। তাকে গলা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।


এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫ মিনিটে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বানিয়াচং উপজেলার যাত্রাপাশা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি ছায়েদ মিয়াকে (৩২) গ্রেফতার করে। তিনি বাহুবল উপজেলার ভুগলী গ্রামের তৈয়ব আলীর ছেলে।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান- র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ

সিলেট থেকে আরো পড়ুন