সিলেট

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান হ/ত্যা: নতুন মোড়, আটক শ্যালক সুমন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫ ২১:৫৪

সিলেটের জকিগঞ্জে মুদি ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় নতুন মোড় এসেছে। এ ঘটনায় নিহতের শ্যালক হানিফ আহমদ সুমনকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ঘেচুয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে হানিফ আহমদ সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় তাকে আটক করা হয়েছে।

এর আগে শুক্রবার (৩ অক্টোবর) নিহতের স্ত্রী, অন্য শ্যালক, দুই মেয়ে ও কয়েকজন নিকটাত্মীয়সহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।

নিখোঁজের তিন দিন পর গত বুধবার বিকেলে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের একটি ধানক্ষেত থেকে নোমান উদ্দিনের (৫০) লাশ উদ্ধার করা হয়। তিনি কালিগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ—নোমান উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম, শ্যালক হানিফ আহমদ সুমনসহ পরিবারের কয়েকজন সদস্য হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন।

তারা জানান, ঘটনার পর পরিবারের আচরণ ছিল অস্বাভাবিক। সিসি ক্যামেরা সরিয়ে ফেলা এবং লাশ উদ্ধারের সময় পরিবারের কেউ থানায় না থাকা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

জকিগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ সুজন বলেন, “গ্রেফতারকৃত হানিফ আহমদ সুমনকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

উল্লেখ্য, নিহত নোমান উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দুই বছর আগে দেশে ফিরে কালিগঞ্জ বাজারে মুদি ব্যবসা শুরু করেন।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন