সিলেট মহানগরীতে মোটরসাইকেল চালক ও সহযাত্রীদের হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর ৪৯(১)(চ) ধারা অনুযায়ী চালক ব্যতীত একজনের বেশি সহযাত্রী বহন করা যাবে না এবং চালক ও সহযাত্রী উভয়কেই যথাযথভাবে হেলমেট ব্যবহার করতে হবে।
আইন লঙ্ঘনের ক্ষেত্রে প্রথমবার ৩ হাজার টাকা এবং দ্বিতীয়বার ৬ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি কারাদণ্ডও হতে পারে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
আগামী এক সপ্তাহের মধ্যে মহানগর এলাকায় চলাচলকারী সকল মোটরসাইকেল আরোহী ও সহযাত্রীকে হেলমেট ব্যবহার করার অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা কমাতে হেলমেট ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্ধারিত সময় শেষে অভিযান পরিচালনা করা হবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হেলমেট শুধু আইনি বাধ্যবাধকতা নয়, এটি নিজের জীবন রক্ষার জন্যও অপরিহার্য।
সিলেট থেকে আরো পড়ুন