খেলাধুলা

অবসরের চাপ পরিবার থেকে, যে সিদ্ধান্ত জানালেন রোনালদো

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫ ১৯:১৬

বয়স ৪০ ছুঁইছুঁই, অর্জনের ঝুলিতে এক বিশ্বকাপ ছাড়া সবই আছে। ক্লাব ও জাতীয় দলের হয়ে একের পর এক শিরোপা জেতা, ব্যক্তিগত পুরস্কারের হরেক সংগ্রহ সব মিলিয়ে রোনালদো যা করেছেন, তা অনেক ফুটবলারের স্বপ্নেও ধরা দেয় না।

তবু থামছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলকে এখনও বিদায় জানানোর ইচ্ছা নেই তাঁর। গতকাল (৭ অক্টোবর) পর্তুগালে অনুষ্ঠিত ‘ফুটবল গ্লোব অ্যাওয়ার্ডস’-এ প্রথমবারের মতো ‘প্রেস্টিজ অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন আল নাসরের এই তারকা। পুরস্কার গ্রহণের পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্টভাবে কথা বলেন তিনি।

রোনালদো বলেন, “আমি আরও কয়েক বছর খেলতে চাই। সত্যি বলতে, খুব বেশি নয়। আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই, তাদের সবার কাছ থেকেই কিছু না কিছু শিখেছি। এমনকি তরুণ প্রজন্ম থেকেও। তাদের সঙ্গে থাকা আমার জন্য সৌভাগ্যের।”

পরিবারের পক্ষ থেকেও অবসরের কথা বলা হয় বলে জানান রোনালদো। “লোকেরা, বিশেষ করে আমার পরিবার, বলে ‘এখন থেমে যাও, তুমি সব অর্জন করেছ। এখন কেন এক হাজার গোলের পেছনে ছুটছ?’ কিন্তু আমি এখনো খেলাটা উপভোগ করি, জাতীয় দল ও ক্লাবকে সাহায্য করতে পারি বলে মনে করি। তাহলে থামব কেন?”

নিজের সীমিত সময়ের কথাও স্বীকার করে নিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তবে বিদায়ের আগে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান তিনি। “আমি জানি, হাতে বেশি সময় নেই। তবে যতটুকু সময় আছে, ততটা উপভোগ করতে চাই। আমি নিশ্চিত, যেদিন সব শেষ হবে, আমি আত্মতৃপ্তি নিয়ে বিদায় নিতে পারব। কারণ আমি আমার সর্বোচ্চটা দিয়েছি।”

বর্তমানে ‘একদিন করে বাঁচো’ দর্শনে বিশ্বাসী রোনালদো। তার মতে, “বয়স মানুষকে ভিন্নভাবে ভাবতে শেখায়। এখন আমি স্বল্পমেয়াদি পরিকল্পনা করি। এতে জীবনের প্রতি আকর্ষণ ও উৎসাহ বাড়ে। প্রতিদিন, প্রতিটি অনুশীলন, প্রতিটি ম্যাচ উপভোগ করার চেষ্টা করি।”

রোনালদোর গোলসংখ্যা এখন ৯৪৬। তাই হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে দরকার আর ৫৪ গোল। সেই লক্ষ্যে এগিয়ে চলছেন পর্তুগিজ মহাতারকা। রোনালদোর পরবর্তী মিশন পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। আগামী শনিবার (১২ অক্টোবর) আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। এরপর ১৫ অক্টোবর লিসবনের জোসে আলভালাদে স্টেডিয়ামে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামবে রোনালদোর দল।

ফুটবল বিশ্ব তাই এখনো অপেক্ষায়, আরও কিছু গোল, কিছু মুহূর্ত, এবং এক কিংবদন্তির শেষ অধ্যায়ের।

খেলাধুলা থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন