সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আওতাধীন ছয়টি থানায় দায়ের হওয়া ৫১০টি সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে চুরি ও হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করেছে এসএমপির ডিবি-সাইবার ক্রাইম ইউনিট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এসএমপি কার্যালয়ে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
পুলিশ জানায়, বিভিন্ন সময়ে মোবাইল ফোন চুরি ও হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এসব জিডি তথ্যপ্রযুক্তির সহায়তায় পর্যালোচনা করে মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করা হয়। পরে পুলিশের বিশেষ ইউনিট ও ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে ফোনগুলো উদ্ধার করেন।
এসএমপি সূত্র জানায়, মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে এ পর্যন্ত মোট ৩২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
অনুষ্ঠানে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, “আমাদের হাতে মোট ৫২টি মোবাইল রয়েছে। হারিয়ে যাওয়া মোবাইলের ৫১০টি সাধারণ ডায়েরি (জিডি) বিশ্লেষণ করে এখন পর্যন্ত এসব মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি) টিম।”
তিনি বলেন, “আজকের এই সময়টি অত্যন্ত আনন্দের। কারণ আমরা উদ্ধার করা মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে পারছি। এ জন্য আমি আমার টিমকেও ধন্যবাদ জানাচ্ছি।”
কমিশনার আরও বলেন, “কোনো একটি ঘটনার রহস্য উদঘাটনে আমরা প্রযুক্তির সহায়তা, আমাদের দক্ষতা এবং আপনাদের কাছ থেকে পাওয়া তথ্য—এই তিনটি বিষয়কে সমন্বয় করে কাজ করি। মোবাইল ফোন উদ্ধারের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।”
এ সময় উপস্থিত সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এসএমপি কমিশনার।
পুরাতন মোবাইল কেনায় পুলিশের সতর্কতা
এদিকে পুরাতন মোবাইল ফোন বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস কেনার ক্ষেত্রে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবহৃত ডিভাইস কেনার সময় সামান্য অসতর্কতার কারণেও ক্রেতাকে আইনি জটিলতায় পড়তে হতে পারে। তাই পুরাতন ডিভাইস কেনাবেচার সময় বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি কেনাকাটার রসিদ বা মেমো সংরক্ষণ এবং ডিভাইসের বক্সে উল্লেখ থাকা আইএমইআই নম্বরের সঙ্গে মোবাইল সেটের প্রকৃত আইএমইআই নম্বর মিলিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।
চোরাই বা অপরাধে ব্যবহৃত ডিভাইস কেনার ঝুঁকি এড়াতে রাস্তাঘাটে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিংবা ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্মে অস্বাভাবিক কম দামে কোনো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস না কেনার আহ্বানও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সিলেট থেকে আরো পড়ুন