সিলেট

তরুণীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৭

হবিগঞ্জের নবীগঞ্জে তরুণীকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনিরা এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন।
 
মামলার বরাতে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর প্রেমের সম্পর্কের সূত্রে খলিলের সঙ্গে দেখা করতে যান ওই তরুণী। অসুস্থতার কারণে শারীরিক সম্পর্কে রাজি না থাকলেও খলিল তাকে ধর্ষণ করেন।

পরে খলিলের সঙ্গী গোলাম হোসেনও তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে হাত-মুখ বেঁধে ব্লেড দিয়ে গলা কেটে মেয়েটির মরদেহ ধান ক্ষেতে ফেলে রেখে যান তারা।


পরদিন মরদেহ উদ্ধার করে পুলিশ। ২৮ ডিসেম্বর অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করেন তরুণীর বাবা। মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে খলিলকে গ্রেফতার করা হয়। তার ১৬৪ ধারার জবানবন্দির ভিত্তিতে গ্রেফতার হন গোলাম হোসেন।
 
আদালতের পেশকার মো. ফজলু মিয়া জানান, রায় ঘোষণার পর দুই আসামিকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন