সিলেট

সিলেটে হোটেলে রাতযাপন, এরপরই ভিডিও কাটছাঁট করে ফাঁসানোর অভিযোগ দম্পতির

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৫

সিলেটে এক বেসরকারি চাকরিজীবীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ব্যক্তির অভিযোগ, ব্যবসায়িক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে হোটেলের সিসিটিভি ফুটেজ কাটছাঁট করে তাকে নারীসংক্রান্ত ঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

‎অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরেন মো. মনিরুজ্জামান মনির। তিনি জানান, তিনি টাঙ্গাইলের শাজাহানপুরের বাসিন্দা এবং বর্তমানে সিলেটের উপশহরে থাকেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত থাকায় চাকরির প্রয়োজনে তাকে নিয়মিত বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয় এবং কখনো কখনো বাসার বাইরে রাতযাপন করতে হয়।

‎মনিরের দাবি, গত ২৬ আগস্ট রাতে চাকরির প্রয়োজনে শাহজালাল (রহ.) মাজার গেট এলাকার একটি হোটেলে রাতযাপন করেন তিনি। ওই হোটেলের রিসেপশনে থাকা দুই অজ্ঞাত নারীকে কেন্দ্র করে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে।

‎তার অভিযোগ, হোটেলের সিসিটিভি ফুটেজের কিছু অংশ সংগ্রহ করে কাটছাঁট ও আগপিছ করে এমনভাবে প্রচার করা হয়েছে, যাতে ওই নারীদের তার সঙ্গে সম্পৃক্ত বলে মনে হয়।


‎এদিকে, বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন মনিরের স্ত্রী মহসিনা আক্তারও।প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবনে স্বামীর কাছ থেকে শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হননি বলে জানান তিনি। একই সঙ্গে স্বামীকে কোনো অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখেননি বলেও দাবি করেন মহসিনা।

‎‎তার বক্তব্য, সম্প্রতি পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে স্বামীর বিরুদ্ধে কিছু ভিডিও দেখান এবং নানা ধরনের নেতিবাচক তথ্য দেন। এতে তিনি বিভ্রান্ত ও আবেগপ্রবণ হয়ে স্বামীর বিরুদ্ধে কিছু কথা বলেন।

‎তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওগুলোর সত্যতা যাচাই, পূর্ণাঙ্গ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

‎পুরো ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


 

সিলেট থেকে আরো পড়ুন