সিলেট

সিলেটের বৈষম্যের প্রতিবাদে তরুণের অমরণ অনশন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ ০০:২০

সিলেটের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা ও সরকারি অবহেলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনশন কর্মসূচি শুরু করেছেন এক তরুণ। ‘সিলেটের সঙ্গে বৈষম্য কেন?’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১টা থেকে তিনি এই কর্মসূচি শুরু করেন।

অনশনরত তরুণের নাম আব্দুল্লাহ মামুন সুজন। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের বাসিন্দা ও পেশায় একজন ব্যবসায়ী।

কর্মসূচির দাবিগুলোর মধ্যে রয়েছে—
সিলেটের জন্য বিশেষ বাজেট ঘোষণা, সিলেট–ঢাকা মহাসড়ক ছয় লেন করা, বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, ফ্লাইট সংখ্যা ও রুট বৃদ্ধি, ট্রেনের ডাবল লাইন নির্মাণ, পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং পর্যটন খাতে বিশেষ বরাদ্দ প্রদান।

লাল ত্রিপলের নিচে হাতে ব্যানার নিয়ে শুরু করা এই নীরব প্রতিবাদে এখন যুক্ত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও শিক্ষার্থীরা। কেউ পানি ও চিকিৎসা সহায়তা দিচ্ছেন, কেউ আবার প্ল্যাকার্ড হাতে সংহতি জানাচ্ছেন।

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক নাইম লস্কর, এবং বৈষম্যবিরোধী ছাত্র নেতা ইব্রাহীম নীলসহ বিভিন্ন সংগঠনের নেতারা এই অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

আন্দোলনের উদ্যোক্তা আব্দুল্লাহ মামুন সুজন বলেন,

> “আমি কোনো দলের নয়, একজন সাধারণ সিলেটবাসী হিসেবে জানতে চাই— আমাদের সঙ্গে বারবার এমন বৈষম্য কেন? সরকারের কাছ থেকে দৃশ্যমান আশ্বাস না পাওয়া পর্যন্ত এই অনশন চলবে।”

সিলেট থেকে আরো পড়ুন