সিলেট

শিশু ফাহিমা হত্যার বিচার প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশ: ১৪ মে ২০২৬ ২০:৪৩

সিলেটের টুকেরবাজার ইউনিয়নের নিষ্পাপ শিশু ফাহিমা হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ-এর উদ্যোগে আজ ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার বিকাল ৫টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিশু ফাহিমাকে নির্মমভাবে হত্যার ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। মূল আসামিকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হলে কঠোর ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, একটি শিশুর জীবন কখনোই অবহেলার বিষয় হতে পারে না। সমাজের প্রতিটি মানুষকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

প্রতিবাদ সভা শেষে উপস্থিত সবাই ফাহিমার আত্মার শান্তি কামনা করেন এবং দ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি পুনর্ব্যক্ত করেন।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন