সিলেট

সিলেটে বাড়ছে নদ-নদীর পানি

প্রকাশ: ২৫ মে ২০২৬ ১৯:৪৫

সিলেটে টানা বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সোমবার (২৫ মে) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় আরও ১৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন।

তিনি জানান, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইভাবে সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত অতিরিক্ত ১৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে টানা বৃষ্টিপাতের প্রভাবে জেলার নদ-নদীগুলোর পানিও বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, পিয়াইন ও লোভা নদীর সব পর্যবেক্ষণ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।

আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, “আগামী ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।”

সিলেট থেকে আরো পড়ুন