রাজনীতি

আইভীর মুক্তি নিয়ে কড়া প্রতিক্রিয়া নাসীরুদ্দীন পাটওয়ারীর

প্রকাশ: ০৬ জুন ২০২৬ ২২:০৯

নারায়ণগঞ্জের এক নম্বর গডফাদার হিসেবে পরিচিত আইভীকে মুক্তি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৬ জুন) বিকেলে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপি রূপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, নির্বাচনে জয়ের জন্য সরকার আগে বিভিন্ন জনসভায় জনগণকে হ্যাঁ ভোটের অনুরোধ জানিয়েছিল। পরে ৭৫ শতাংশ হ্যাঁ ভোট পাওয়ার পর তারা অবস্থান বদল করেছে। তার দাবি, বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ।

তিনি অভিযোগ করেন, ভারতীয় গেরুয়া দল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটাতে লাখো ভারতীয় মুসলমানকে জড়ো করেছে। অথচ বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে না। তিনি বলেন, তিনি আগেও বলেছিলেন নিজের জীবন দিয়ে হলেও আওয়ামী লীগের বিচার করবেন, কিন্তু নারায়ণগঞ্জের এক নম্বর গডফাদার হিসেবে পরিচিত ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে তিনি যেসব পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তা মোকাবিলা করেছেন। কোনো শক্তিই তাকে ভয় দেখাতে পারবে না। প্রয়োজনে নিজের জীবন ঝুঁকিতে ফেলে হলেও তিনি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান।

তিনি আরও বলেন, তাঁর ওপর বা তার সহযোগীদের ওপর হামলার সঠিক বিচার না হলে ভবিষ্যতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে জবাব চাওয়া হবে।

রূপগঞ্জ সম্পর্কে তিনি বলেন, তিনি এই এলাকার উন্নয়ন ও বাস্তবতা নিয়ে কাজ করতে চান। তবে এখানে মাদক কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমিদস্যুতা বেড়ে গেছে বলে তিনি অভিযোগ করেন। এনসিপি ক্ষমতায় এলে এসব সমস্যার সমাধান করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠান শুরুর আগে বিকেল ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে মঞ্চে হামলা চালায় এবং প্যান্ডেল ভাঙচুর করে। এ সময় কয়েকজন আহত হন।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, এনসিপির ফল উৎসবের হামলার খবর পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। তবে বিএনপি বা ছাত্রদলের কেউ অনুষ্ঠান পণ্ড করতে হামলা করেনি বলে তিনি দাবি করেন।

রাজনীতি থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন