সিলেট

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

প্রকাশ: ০৮ জুন ২০২৬ ১৫:০৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগের প্রতিনিধি, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ২৩ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে ইতোমধ্যে ৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সিলেট বিভাগ থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যদের মধ্যে রয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন (চট্টগ্রাম), মীর শাকরুল আলম সীমান্ত ও মির্জা ফয়সল আমীন (রাজশাহী), এবং সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ (ঢাকা)।

নতুন দায়িত্ব পাওয়ার পর বিসিবির নব নির্বাচিত পরিচালক এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে অবকাঠামো উন্নয়ন, বেশি বেশি প্র্যাকটিস মাঠ তৈরি এবং গ্রাসরুট পর্যায় থেকে খেলোয়াড় তৈরির উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, সিলেটের ক্রিকেট অবকাঠামো আরও উন্নত করতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে একাধিক প্র্যাকটিস মাঠ তৈরি, খেলোয়াড়দের জন্য ডরমিটরি নির্মাণ এবং পর্যাপ্ত আবাসন সুবিধা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, গ্রামগঞ্জ থেকে ভালো খেলোয়াড় খুঁজে বের করে তাদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। তাদের থাকার জন্য ডরমিটরি করা হবে এবং খাবারের ব্যবস্থাও থাকবে। এতে করে তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রিকেটার তৈরি করা সম্ভব হবে। এ ছাড়া সিলেটের ক্রিকেটের উন্নয়নের জন্য শুধু মাঠ নয়, সার্বিক অবকাঠামো উন্নয়ন জরুরি। এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

ক্রিকেটপ্রেমীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, খেলাধুলা ও ক্রিকেট উন্নয়নের সব উদ্যোগে সবাইকে পাশে থাকতে হবে। পরিকল্পিতভাবে কাজ করা গেলে সিলেটের ক্রিকেট আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

উল্লেখ্য, আব্দুল কাইয়ুম চৌধুরী বিগত চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ছিলেন ও বিসিবি অডিট কমিটির চেয়ারম্যান ছিলেন।

বর্তমানে তিনি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা বিএনপির সভাপতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।

এর আগে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব ছিলেন।

সিলেট থেকে আরো পড়ুন