খেলাধুলা

অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনার একাদশ নিয়ে স্কালোনির নতুন সমীকরণ

প্রকাশ: ২১ জুন ২০২৬ ২১:২৩

২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘জে’-এর দ্বিতীয় ম্যাচে সোমবার (২২ জুন) অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসের মাঠে বাংলাদেশ সময় আগামীকাল রাত ১১টায় শুরু হতে যাওয়া এই হাই-ভোল্টেজ ম্যাচের দুই দিন আগে কানসাসের কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে বন্ধ দ্বারে অনুশীলন করেছে আলবিসেলেস্তেরা।

অনুশীলনে আর্জেন্টিনা শিবিরের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর ছিল গঞ্জালো মন্তিয়েলের মাঠে ফেরা। এর আগে পেশির চোটের কারণে তার খেলা নিয়ে গভীর শঙ্কা তৈরি হলেও, তিনি সতীর্থদের সাথে বুট পায়ে পুরো সেশন অনুশীলন করেছেন। চোট কাটিয়ে ওঠায় আগামীকাল অস্ট্রিয়ার বিপক্ষে তিনি শুরুর একাদশে না থাকলেও বেঞ্চে থাকবেন এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী মাঠেও নামতে পারেন। এমনকি আগামী শনিবার জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়া যাবে।

মন্তিয়েল সুস্থ হয়ে উঠলেও তার জায়গায় রাইট-ব্যাকে নাহুয়েল মলিনার শুরুর একাদশে থাকা প্রায় নিশ্চিত। তবে উদ্বোধনী ম্যাচে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে ওড়ানোর পর, অস্ট্রিয়ার বিপক্ষে একাদশে আরও দুটি পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ লিওনেল স্কালোনির।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, সেই দুই পরিবর্তনের একটি হতে পারে থিয়াগো আলমাদার জায়গায় একাদশে আসতে পারেন নিকোলাস গঞ্জালেস। অস্ট্রিয়ার হাই-প্রেসিং ফুটবলকে কাউন্টার করতে গঞ্জালেসের গতি ও বিস্ফোরক পারফরম্যান্সকে কাজে লাগাতে চান স্কালোনি।

এছাড়া আক্রমণেও আসতে পারে পরিবর্তন। সেন্ট্রাল অ্যাটাকে লাউতারো মার্টিনেজের জায়গায় শুরুর একাদশে সুযোগ পেতে পারেন হুলিয়ান আলভারেজ।

রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দো মেদিনার থাকা প্রায় নিশ্চিত। গোলবারের নিচে যথারীতি থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। মিডফিল্ডে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার খেলবেন। আর আক্রমণভাগের মূল সেনানি হিসেবে যথারীতি থাকছেন অধিনায়ক লিওনেল মেসি, যিনি এই বিশ্বকাপেও ইতোমধ্যেই হ্যাটট্রিকে দারুণ এক ইতিহাস গড়েছেন।

এছাড়া প্রথম ম্যাচে খেলার সুযোগ না পাওয়া লিয়ান্দ্রো পারেদেস এবং নিকোলাস তালিয়াফিকো অনুশীলনে ইতিবাচক সাড়া দেওয়ায় আগামীকাল চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পেতে পারেন।

খেলাধুলা থেকে আরো পড়ুন