সিলেট

ইন্টারভিউ দিয়ে ফেরা বাড়ি ফেরা হলো না রাজনের

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ ২২:২৪

হবিগঞ্জে রেল লাইনের পাশ থেকে উদ্ধারকৃত লাশটির পরিচয় শনাক্ত হয়েছে। নিহত যুবক মাহবুব সারওয়ার রাজন (২৫)। তিনি সিলেটের জকিগঞ্জের পৌর এলাকার চার নম্বর ওয়ার্ডের গন্ধদত্ত গ্রামের আবুল কালামের (কালু মিয়া) ছেলে। 

রোববার (১২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজনের ছবি দেখে শনাক্ত করে তার পরিবার।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দাশপাড়া এলাকার রেল লাইনের পাশ থেকে রাজনের লাশ উদ্ধার করে। 

নিহতের পারিবারের বরাত দিয়ে স্থানীয় সূত্র জানায়, সরকারি একটি চাকরির পরীক্ষায় অংশ নিতে রাজন ঢাকায় যান।

শুক্রবার (১০ জুলাই পরীক্ষা শেষে তিনি রাতের উপবন এক্সপ্রেস ট্রেনে সিলেটে বাড়িরর উদ্দেশে রওনা হন। পথিমধ্যে তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

পরিবারের সদস্যরা একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।


নিহতের বড় ভাই মাহবুব হাসান মুন্না বলেন, রাজনের সঙ্গে মোবাইলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি।  আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও নিয়েছি। 

তিনি বলেন, রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তারা জানতে পারি, হবিগঞ্জের বহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দাশপাড়া এলাকায় একটি ঝুপড়ি ঘর থেকে দুপুরের দিকে একটি মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে হাসপাতালে গিয়ে রাজনের লাশ শনাক্ত  করি। 

নিহতের চাচা কামরুল ইসলাম বুলবুল বলেন, রাজনের মৃত্যু কীভাবে হয়েছে, নিশ্চিতভাবে কিছু জানতে পারিনি। মৃতদেহ আনতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেছেন।  

তিনি আরও বলেন, রাজনের সঙ্গে দীর্ঘ সময় যোগাযোগ করতে না পেরে রোববার দিনের বেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রাজনের ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান রাত ২টা ৩০ মিনিটে হবিগঞ্জের বহুবল এলাকায় শনাক্ত করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ওই সময়ের মধ্যে তার সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। 

জানা গেছে, মাহবুব সারওয়ার রাজন প্রায় আট মাস আগে বিয়েবন্ধনে আবদ্ধ হন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে সিলেটের ফেঞ্চুগঞ্জেও কাজ করেছেন। 

স্বজন ও স্থানীয়দের ধারণা রাতের ট্রেনে ছিনতাইকারীর কবলে পড়তে পারেন রাজন। তার সর্বস্ব লুটে নিয়ে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। তার রহস্যজনক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় আপাতত একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি.) মো. রাশেদ পারভেজ ছায়িম মামলার তদন্ত করবেন। 

রেলওয়ে পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন